দুর্গাপুজোয় এবার অভিনব ভাবনা ‘মারিয়া’
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মণ্ডপে দর্শকদের স্যানিটাইজার দেবে ‘মারিয়া’। স্বাগত জানানোর পাশাপাশি করমর্দনও করবে। জানা গিয়েছে, পুজো মণ্ডপে দর্শনার্থীর হাতে ঢেলে দেবে স্যানিটাইজারও। সূত্রের খবর, দুর্গাপুজোয় এবার এমনই ভাবনা ঠাকুরপুকুর এসবি পার্কের। তবে ‘মারিয়া’ কোনও মানুষ নয়, একটি স্বয়ংক্রিয় রোবট। সূত্রের আরও খবর, বঙ্গের দুর্গাপুজোর ইতিহাসে এই ঘটনা নজির সৃষ্টি করবে। বাংলার পুজো মণ্ডপে রোবটের ব্যবহার সম্ভবত প্রথম হতে চলেছে। আয়োজক সূত্রের খবর, লাল পাড় সাদা শাড়িতে মাতৃরূপে সাজানো হবে ‘মারিয়া’কে।
করোনা পরিস্থিতিতে পুজোর পরিবেশ বদলে যাচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের মতো জরুরি বিষয়গুলি সামনে এসেছে। তাই এই অভিনব ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ডিপার্টমেন্টের সহযোগিতায় এই অভিনব উদ্যোগ এবার দুর্গাপুজোয় আনতে চলেছে ওই পুজো কমিটি। আয়োজক সূত্রের আরও খবর, পড়ুয়াদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই ‘মারিয়া’। ২০১৫ সালে মারিয়াকে তৈরি করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়ারা। স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমেই এবছরের দুর্গাপুজোর থিম ঘোষণা করেছে এসবি পার্ক পুজো কমিটি। ৫০-তম বর্ষে এবছর পা রাখল এই পুজো। সুবর্ণজয়ন্তী বর্ষে এসবি পার্কের থিম এবার ‘জীবনযুদ্ধবিগ্রহ’।

