ফের ঘরমুখী পর্যটকরা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা সতর্কতা ও নিয়ন্ত্রণ-বিধির ছায়া। শীতের ছুটিতে পর্যটকদের কাছে হতাশার খবর। দিঘা, দার্জিলিং-সহ রাজ্যের পর্যটনক্ষেত্রগুলি থেকে পর্যটকদের এখন ঘরে ফেরার পালা। ট্রেনে-বাসে সওয়ার হয়ে বাড়ি ফেরার জন্য মরিয়া ভ্রমণ পিপাসুরা। সৈকত শহর সমুদ্রতীরেও ভিড় নেই। পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষজনের হা-হুতাশ বেড়ে গিয়েছে। প্রায় ২ বছর পর ঘুরে দাঁড়ানোর বদলে আবারও ঘরে ফিরতে হচ্ছে পর্যটকদের।
সমুদ্র সৈকতে মানুষের উপস্থিতি কমেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় সমুদ্র-স্নানের ঘাট ও সৈকত সরণিও। দিঘা-সহ উদয়পুর, তাজপুরের বিভিন্ন হোটেল ও রেসর্ট থেকে পর্যটকরা বেড়িয়ে পড়ছেন ঘরের পথে। মন্দারমণিতে কিছু পর্যটকের দেখা পাওয়া গেলেও সেই ভিড়ও কমছে। পাশাপাশি শৈলশহর দার্জিলিং বা রাঢ় বাংলার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও শান্তিনিকেতনেও একই অবস্থা।

