Durga PratimaMiscellaneous 

হাবড়ায় তৈরি মাটির দুর্গা এবার চলেছে থাইল্যান্ডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হাবড়ায় তৈরি মাটির দুর্গা এবার চলেছে থাইল্যান্ডে। এক্ষেত্রে চক্ষুদান পর্বও সাড়া হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, সজ্জিত দেবী দুর্গা থাইল্যান্ড যাওয়ার জন্য কার্গো বিমানে চড়বেন। হাবড়ার বাণীপুর আমবাগানের পাল বাড়িতে চলেছে ব্যস্ততা। মাটির প্রতিমা ঠিকভাবে পৌঁছনোর জন্য তৎপরতা চলেছে শিল্পীর। প্যাকিংয়েও সতর্ক থাকার চেষ্টা। স্থানীয় সূত্রের আরও খবর, পাল বাড়ি থেকে তৈরি প্রতিমা থাইল্যান্ড ছাড়াও এবার দেশের নানা প্রান্তে পৌঁছনোর কথা। বাণীপুর আমবাগানের বাসিন্দা পরিমল পাল ঠাকুর বানানোর কাজ করে থাকেন অনেকদিন ধরেই। এই কাজে তাঁর সুনাম রয়েছে।

সাবেকি প্রতিমা তৈরিতে দক্ষতা-সহ নানা শিল্প আঙ্গিকে প্রতিমা তৈরি করে খ্যাতি বেড়েছে পরিমলবাবুর। স্থানীয়ভাবে জানা গিয়েছে, দীর্ঘ ৫-৬ বছর ধরে পুজোর আগে থাইল্যান্ডে গিয়ে একাধিক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করেছেন তিনি। বাড়িতেও প্রতিমা তৈরির কাজ হয়ে থাকে। করোনা পরিস্থিতিতে প্রতিমা বানানো নিয়ে উদ্বেগে ছিলেন পরিমলবাবু। এই আবহে বিদেশে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। এরপর থাইল্যান্ডের এক বিষ্ণু মন্দির কমিটি পরিমলবাবুর প্রতিমা নিয়ে যাওয়ার বিষয়ে যোগাযোগ করেছেন।

ওই দেশের চাহিদা মতো তিনি প্রতিমা বানানোর কাজ শুরু করেন। জানা গিয়েছে, দুর্গা প্রতিমার-সহ থাইল্যান্ড যাবে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। এক্ষেত্রে জানা যায়, দুর্গা প্রতিমার উচ্চতা হবে ৫ ফুট। অন্যান্য প্রতিমার উচ্চতা হবে সাড়ে ৪ ফুট। প্রতিমা শিল্পী জানিয়েছেন, খড়, মাটি ও পাট দিয়েই প্রতিমা তৈরি হচ্ছে। দামি কাপড় ও বিভিন্ন চুমকি দিয়ে দেবীর অঙ্গসজ্জা হবে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বিমানে তোলার জন্য প্যাকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে দামি পলিথিন ও থার্মোকল দিয়ে প্রতিমা ঢেকে দেওয়ার কাজ চলছে। বাটাম ও প্লাই বোর্ডের বাক্সের মধ্যে ঢুকিয়ে প্রতিমা পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। আবার থাইল্যান্ড ছাড়াও শিল্পী পরিমলবাবুর তৈরি টেরাকোটার শিল্পকর্মে সজ্জিত প্রতিমা রাজস্থান ও হায়দরাবাদ নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment