বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস থাকলেও বঙ্গে প্রভাব পড়ছে না
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বাড়ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিবেগ। তবে এই নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়বে না বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ওই দপ্তর সূত্রের খবর, আগামী ১৪ অক্টোবর উত্তর আন্দামান সাগর এলাকায় ফের একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে নিম্নচাপের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে আরও জানানো হয়েছে, বর্তমানে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরের উপর থেকে অগ্রসর হচ্ছে তার উৎপত্তিস্থল উত্তর আন্দামান সাগর। প্রসঙ্গত, গত ৯ অক্টোবর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে শুরু করে। ফলে এর গতিবেগ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে আরও বলা হয়, গতিবেগ আরও বেড়ে আজ সোমবার তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এমনটাই মনে করা হচ্ছে। তবে এটি উত্তর অন্ধ্রের নরসাপুর ও ভাইজাগের মধ্যবর্তী কোনও স্থান দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এর প্রভাবে অন্ধ্র, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক ও ওড়িশার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি অন্ধ্র, পন্ডিচেরী ও তামিলনাড়ুতে সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার নির্দেশও দিয়েছে আবহাওয়া দপ্তর।

