katwa and kartick pujaMiscellaneous Trending News 

কাটোয়ার প্রাচীন ঐতিহ্য কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা বন্ধের সিদ্ধান্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা কালে ভিড় এড়ানোর জন্য এবার বন্ধ কাটোয়ার কার্তিক লড়াই। স্থানীয় সূত্রের খবর,
কার্তিক পূজার জন্য বিখ্যাত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া।গঙ্গাপাড়ের এই শহরে প্রাচীন ঐতিহ্য রয়েছে কার্তিক লড়াইকে কেন্দ্র করে। করোনা সংক্রমণ আবহে এবার সেই কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।পাশাপাশি কার্তিক পুজোর সময় মণ্ডপে প্রতিমা দর্শনের ক্ষেত্রেও স্বাস্থ্য-বিধি মেনে চলার কথা বলা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। দর্শনার্থীদের কাছে সতর্ক ও সাবধানতার আবেদন জানানো হয়েছে।স্থানীয় সূত্রের আরও খবর, দুর্গাপুজোর মতো কার্তিক পুজোর মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ডপ ও প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের। পুজো উদ্যোক্তাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে নির্দেশও দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ।
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ অব্যাহত। কাটোয়া শহরে রোজই করোনা আক্রান্তের পাওয়া যাচ্ছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও সংক্রমণের সংখ্যা বাড়ছে। কার্তিক পুজোর আয়োজন করা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল পুজোর উদ্যোক্তাদের মধ্যে। প্রথা মেনে কার্তিক পুজোয় সম্মতি থাকলে শোভাযাত্রা বন্ধ রাখার পক্ষে ছিলেন একটা বড় অংশের মানুষ।এরপর কাটোয়া শহরের সংহতি মঞ্চে কার্তিক পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসন। ওই বৈঠকে পুরসভা ও পুলিশের পদস্থ আধিকারিকরাও উপস্থিত হন। বৈঠকে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাটোয়া শহর ও তৎসংলগ্ন এলাকায় অনেক বারোয়ারি কার্তিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। রকমারি থিমের কার্তিক পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী কাটোয়া শহরে ভিড় জমান।সব বাড়িতেই আত্মীয়-স্বজনের ভিড় দেখা যায়। দর্শনার্থীদের ভিড়ে হোটেলেও জায়গা থাকে না। এবার সেই শোভাযাত্রা করোনা সংক্রমণের জেরে বন্ধ হচ্ছে।

Related posts

Leave a Comment