রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহের মধ্যেই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে বলে দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর বক্তব্য,রাজারহাট নিউটাউনে ইনফোসিস নতুন করে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। কাজ শুরুর ২০ মাসের মধ্যে সংস্থা প্রকল্পের কাজ শেষ করতে আগ্রহী। ১২৫টি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর্বের পর এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।
পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ডাটা সেন্টার তৈরিতে নজর রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের। উল্লেখ করা যায়, বিনিয়োগের লক্ষ্যে এক্ষেত্রে বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করতে চলেছে রাজ্য সরকার। সরকারি ভাবে জানা গিয়েছে, মউ স্বাক্ষরে আগ্রহী ইয়োটা লিমিটেড, সিটিআরএল লিমিটিডের মতো সংস্থা। অন্যদিকে নিউ টাউনের তথ্য প্রযুক্তি তালুক সিলিকন ভ্যালিতে শিল্প স্থাপনেও একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মন্ত্রী।
সূত্রের খবর,রিলায়েন্সের পক্ষ থেকে ৪০ একর জমিতে কাজ শুরু হয়েছে। আইটিসি ইনফোটেকের মতো সংস্থার কাজ প্রায় শেষের পথে বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য,দেশ- বিদেশের বিনিয়োগে ইচ্ছুক সংস্থাগুলি রাজ্যের ডাটা পলিসি তৈরির প্রস্তাব দিয়েছে। আবার শিল্প স্থাপনে সহায়ক বিভিন্ন রকম আবেদনও জানিয়েছে বলে দাবি করেন তিনি।

