বিধাননগর এলাকার মানুষদের সুবিধার্থে কয়েকটি প্রকল্পের উদ্বোধন
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিধাননগর পৌর নিগম এলাকার মানুষদের সুবিধার্থে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হল। বিধাননগর পৌরনিগম ভবন থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জী সহ কাউন্সিলরগণ।
সূত্রের খবর, বিধান নগর পৌর নিগমের ২৯-৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে গ্রীন ট্রাইবুনালের নির্দেশে বিধাননগর পৌরনিগমে বর্জ্য পৃথকীকরণের কাজ শুরু হয়েছে। এই কাজ করার জন্য ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার সবুজ ও নীল, এই দুই ধরণের বিন বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সবুজ বিনটিতে পচনশীল বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি নীলটিতে ফেলতে হবে অপচনশীল বর্জ্য।
অন্যদিকে, অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হল। যারফলে বিধাননগরবাসীর পাশাপাশি এলাকার বাইরের মানুষ বেশি উপকৃত হবে। যাঁদের বিধাননগর পৌরনিগম এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে জন্ম ও মৃত্যু হবে তাঁরা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে।
এদিন কৃষ্ণা চক্রবর্তী জানান, প্রত্যেকের বাড়িতে যে পুজোর ফুল যত্রতত্র ফেলা হয়, সেগুলো যেখানে সেখানে না ফেলে এই গাড়িতে ফেলতে হবে।তার জন্য ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে গাড়ি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এক্ষেত্রে এই ফুলগুলো একত্রিত করে বড় একটি জায়গায় ফেলা হবে এবং সেখানে পচনের পরে যে সার তৈরি হবে সেটি বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। পৌর নিগমের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওই ফুল সংগ্রহ করবে।

