পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ বাগনানে ইকো ট্যুরিজম পার্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাগনানে গড়ে উঠছে ইকো ট্যুরিজম পার্ক। এই খবরে খুশি পর্যটকরা। সূত্রের খবর, হাওড়া জেলার বাগনান রাজ্যের পর্যটন মানচিত্রে নবরূপে আত্মপ্রকাশ করতে চলেছে। জানা গিয়েছে, কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাগনানের ২ নম্বর পঞ্চায়েত সমিতি অবস্থিত। তার আন্টিলা ও বাঁটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেদিনীপুর ক্যানালের পাড়ে গড়ে উঠছে ইকো ট্যুরিজম পার্ক। স্থানীয় সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই এই পার্ক সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রসঙ্গত, রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলা অন্যতম স্থান করে রয়েছে। জেলার বি গার্ডেন, বেলুড়, কালসাপা, গড়চুমুক, গাদিয়াড়া ও দেউলটি-সহ একাধিক পর্যটন কেন্দ্রে পর্যটকরা ভিড় করে থাকেন। এবার জেলার সেই পালকে সংযুক্ত হল বাগনানের ইকো ট্যুরিজম পার্ক। জানা যায়, ৬ নম্বর জাতীয় সড়কে বাগনানের লাইব্রেরি মোড় থেকে শ্যামপুর যাওয়ার রাস্তার পাশে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠছে এই পার্ক। বাগনান ২ নম্বর পঞ্চায়েত সমিতির সূত্রের খবর, বাগনান-শ্যামপুর রাস্তার দু-ধারে মেদিনীপুর ক্যানালের পাড়ে গড়ে উঠছে পার্কটি। প্রায় ২০ কোটি টাকায় প্রস্তাবিত এই পার্কে থাকছে শিশুদের মনোরঞ্জনের পাশাপাশি বয়স্কদের জন্য বিভিন্ন ব্যবস্থা। পাশাপাশি পার্ক সংলগ্ন মেদিনীপুর ক্যানালে বোটিং-এর ব্যবস্থাও থাকবে।
পঞ্চায়েত সমিতি সূত্রে আরও জানা গিয়েছে, ইকো ট্যুরিজম পার্কে পর্যটকদের থাকার জন্য কটেজের ব্যবস্থাও থাকছে। ইতিমধ্যে এই পার্কের কাজ অনেকটাই এগিয়েছে। আগামী বছরের শুরুতেই এটি সাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। পার্কটি চালু হলে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে বলেও জানা গিয়েছে। ইকো পার্কের বিষয়ে বাগনানের বিধায়ক অরুণাভ সেন জানান, সংস্কারের অভাবে মেদিনীপুর ক্যানাল প্রায় বুজে যেতে বসেছিল। দু-পাড় ক্রমশ দখল হতে শুরু করেছিল। পরবর্তী সময়ে খালটিকে সংস্কার করার পর এই পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ২০১৭ সালে নির্মাণ শুরু হলেও পরবর্তী সময়ে কেন্দ্র ১০০ দিনের কাজে টাকা বন্ধ করে দেওয়ায় কাজের গতি কিছুটা কমে যায়।

