Heavy Rain-1Miscellaneous 

আগস্টে দেশে রেকর্ড বৃষ্টিপাত, পূর্বাভাস হাওয়া অফিসের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৪৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি আগস্ট মাসে। এ মাসে দেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গত মাসে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের থেকে ২৭ শতাংশ বেশি। জানা গিয়েছে, বিগত ১২০ বছরের ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। আবার গত ৪৪ বছরের হিসেবে এটাই সর্বোচ্চ। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, এবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে, তা স্বাভাবিকের থেকে প্রায় ১০ শতাংশ বেশি। সাধারণভাবে ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়কে বর্ষার মরশুম হিসেবে ধরা হয়।

অন্যদিকে জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে ৫টি নিম্নচাপ তৈরি হয়। তার কারণেই মধ্য ও উত্তর ভারতে মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে। পাশাপাশি এর প্রভাবে দেশের একাংশে বন্যাও দেখা দিয়েছে। এ বিষয়ে আরও বলা হয়, এ বছর আগস্ট মাসে বিগত ১২০ বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ১৯২৬ সালে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল। সেবার স্বাভাবিকের থেকে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, মধ্য, পূর্ব ও উত্তর-পূর্ব ডিভিশনে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবার উত্তর-পশ্চিম ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাপ ছিল স্বাভাবিকের থেকে ৯ শতাংশ কম।

Related posts

Leave a Comment