অভাবের সংসারে ধাক্কা খেল ফুটবল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সংসার চালানোর তাগিদ বড় বালাই। শেষ পর্যন্ত খেলা ছেড়ে বেছে নিতে হল উপার্জনের রাস্তা। তবে পরিবারের ধারণা, সরকারি সাহায্য পেলে স্বপ্নপূরণ হতে পারে। ষষ্ঠ শ্রেণী থেকে ফুটবল খেলার শুরু। এখন কলেজের প্রথম বর্ষের ছাত্র সে। ৭ বছরের খেলাধুলোর জীবনে অনেক নামও করেছে ছেলেটি। জয়ী হয়েছে অনেক ট্রফি। সুনামের সঙ্গে অভাবের সংসারে ধাক্কা খেয়েছে ফুটবল জীবন।
পেটের তাগিদে বেছে নিতে হয়েছে রুটি-রুজির পথ। শেষ অবধি খেলা ছেড়ে পড়াশোনার পাশাপাশি একটি ল্যাবে কাজ নিতে হয়েছে। খেলায় ছেদ পড়ায় দুঃখ রয়েছে পরিবার সহ এলাকাবাসীর। জেলা ছাড়িয়ে রাজ্যস্তরে পৌঁছালেও জাতীয় ও আন্তজার্তিক স্তরে খেলার স্বপ্ন রয়েই গিয়েছে। এখনও প্রত্যাশা রয়েছে ফুটবল জীবনে ফিরে আসার। স্বপ্নময় চোখ দুটি সাহায্যের প্রতীক্ষায়। ওই ফুটবলার ডোমকলের বাবলাবোনা মাঠপাড়ার বাসিন্দা। নাম রাজ দফাদার।

