৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বারাসাত থেকে কৃষ্ণনগর পর্যন্ত দীর্ঘ ৮৪ কিমি রাস্তা সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া সূত্রে খবর, দীর্ঘ ১০ বছর ধরে আটকে এই কাজ। এই সংক্রান্ত বিষয়ে প্রতি বছরই রাজ্যের সাথে কয়েক দফা বৈঠকও হয়। তবে জট কাটাতে যে দীর্ঘ টালবাহানা চলে আসছে, তার জেরে কাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই ২ বার বদল হয়েছে ঠিকাদার সংস্থাও। সূত্রের খবর, এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগণা জেলায় বারাসত থেকে বড় জাগুলির প্রায় ১৭ কিমি অংশে জমি পায়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই কারণে এই বিস্তৃত এলাকায় রাস্তা সম্প্রসারণ কবে হবে তা নিয়ে ধোঁয়াশা। ন্যাশনাল হাইওয়ে সূত্রে আরও খবর, বড় জাগুলিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় ৬৭ কিমি অংশে ৪ লেন বিশিষ্ট রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ওই কাজ শুরু হওয়ার কথা।
পাশাপাশি যে সব জায়গায় রাস্তা খারাপ হয়েছে, সেখানেও রিপেয়ারিংয়ের কাজ করা হবে। জানা গিয়েছে, যে অংশগুলিতে কাজ থমকে রয়েছে, তারমধ্যে অন্যতম হল কৃষ্ণনগর থেকে বহরমপুর। এই অংশের দীর্ঘ ১১ কিমি রাস্তার মধ্যে ৭ কিমি এলাকায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যদিও বর্ষার কারণে কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। বাকি ৪ কিমি এলাকায় কাজের জন্যে এখনও জমি হাতে পাওয়া হয়নি। তার ফলে এই অংশের সম্প্রসারণের কাজ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি মালদহ পর্যন্ত কাজ থমকে রয়েছে বিভিন্ন জায়গায়।
ফারাক্কাতে ব্রিজ ভেঙে পড়ার ফলে কাজ শুরু করা সম্ভব হয়নি। মালদহ বাইপাসে জমি-জটের জন্যে সম্প্রসারণের কাজ বন্ধ। অন্যদিকে রয়েছে ঠিকাদারের সমস্যাও। কারণ বহুদিন যাবৎ জমি না পাওয়ায় কাজ শুরু করতে পারেনি তাঁরাও। উল্লেখ্য, মালদহ থেকে রায়গঞ্জ পর্যন্ত অংশে জমি মেলায় কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছে সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে ডালখোলা বাইপাসের কাজ ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে।
রায়গঞ্জ থেকে ডালখোলার মধ্যে বাকি যে এলাকা বাকি রয়েছে, সেখানে কাজ শেষ হবে ২০২২ সালে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, জমি সমস্যা না মিটলে কিছু করা সম্ভব নয়। বারবার রাজ্যকে অনুরোধ করা হয়েছে সমস্যা মেটানোর জন্য।

