Small IndustryMiscellaneous 

কর্মসংস্থানের লক্ষ্যে এবার স্কিল ব্যাঙ্ক কেন্দ্রের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এবার স্কিল ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, লকডাউন পর্বে পরিযায়ী শ্রমিক এবং কাজ হারানো ক্ষুদ্র ও মাঝারি শিল্পকর্মীদের জীবিকার সুযোগ করে দিতেই এই নিয়ে উদ্যোগ শুরু হয়। এবার পরিধি আরও বেড়েছে। জানা গিয়েছে, পরিকাঠামো ও শিল্পক্ষেত্রের দক্ষ কর্মীদের পাশাপাশি সফটওয়্যার ও ডিজিটাল সেক্টরের জন্যও এই প্রকল্পকে সংযুক্ত করা হচ্ছে। জাতীয় স্কিল মিশনের অন্তর্গত এই প্রকল্পে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের বলা হবে, নাম নথিভুক্ত করতে। ওই পোর্টালে বায়োডেটা আপলোড করে দিতে হবে।

আরও জানা গিয়েছে, ওই নথিতেই থাকবে প্রতিটি কর্মপ্রার্থীর কাজের অভিজ্ঞতা-সহ বিভিন্ন তথ্য। এক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে চাহিদামতো সরকারি, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থাগুলি কর্মীদের সরাসরি নিয়োগ করতে পারবে। করোনা পরিস্থিতিতে দেশব্যাপী কর্মসংস্থানের সমস্যা প্রকট হয়েছে। উল্লেখ্য, বেকারত্বের হার ২৪ শতাংশ হয় এপ্রিল মাসে। জুন মাসে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা পর্যাপ্ত নয়। সূত্রের আরও খবর, শুধু অসংগঠিত নয়, সংগঠিত ক্ষেত্রেও ছাঁটাই অব্যাহত। কর্মহীন হয়েছেন কয়েক লক্ষ কর্মী। নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এই প্রবণতা অনেকটাই বেশি। কেন্দ্রীয় সরকার একথা মাথায় রেখে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। যাতে কর্মসংস্থান কেন্দ্রের মতোই একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়ে যাবে। সেই তালিকার লিঙ্ক দেশের ছোট-বড় সব সংস্থাগুলিকে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment