psc and buildingMiscellaneous Trending News 

৬ ডিসেম্বর ক্লার্কশিপ পরীক্ষা : ই-অ্যাডমিট কার্ড সংগ্রহ ২৫ নভেম্বর থেকে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৬ ডিসেম্বর ক্লার্কশিপ পরীক্ষা। সূত্রের খবর, ক্লার্কশিপ (পার্ট-টু) লিখিত পরীক্ষার যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে প্রায় ১০ মাস বাদে ক্লার্কশিপের মতো পরীক্ষার আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। সূত্রের আরও খবর,পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে বুধবার থেকে অন-লাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। এক্ষেত্রে জানানো হয়েছে, কমিশনের ওয়েবসাইটে (wbpsc.gov.in) গিয়ে প্রথম পর্বের পরীক্ষায় সফল প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য দিলে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। পিএসসি-র পক্ষ থেকে জানানো হয়, একমাত্র এই পদ্ধতি মেনেই অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। কমিশনের পক্ষ থেকে কোনও ডুপলিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।

প্রথম পর্বের এই পরীক্ষায় রাজ্যব্যাপী প্রায় সাড়ে ৬ লক্ষের বেশি প্রার্থী বসেছিলেন। তার মধ্যে প্রায় ৭০ হাজারের মতো প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার জন্য বাছা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, সবমিলিয়ে রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ-সি পদে প্রায় ৭ হাজার শূন্যপদ রয়েছে। দ্বিতীয় পরীক্ষায় সফল প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা যাচাই করা হবে। নতুন বছরে রাজ্যের কয়েক হাজার বেকার যুবক-যুবতীর সামনে চাকরির সুযোগ নিয়ে আসতে চলেছে পিএসসি।

কমিশন সূত্রে জানা যায়, বিধানসভা ভোটের পূর্বে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে রাজ্যে করোনা সংক্রমণ কমে আসায় ও লোকাল ট্রেন চালু হওয়ায় সন্তোষপ্রকাশ করেছে কমিশন। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় পরীক্ষার দিন ঘোষণা করতে পারেনি পিএসসি। করোনা পর্বে অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে কমিশন। ভার্চুয়াল ও মূল্যায়ন পদ্ধতির নেতিবাচক দিক উঠে আসে। এরপর কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে, আবার মুখোমুখি বসিয়ে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবেন পরীক্ষকরা। এই কারণে প্রস্তাবিত বেশ কয়েকটি ডিজিটাল ইন্টারভিউ বাতিল করেছে পিএসসি, এমনটাই জানা গিয়েছে।

Related posts

Leave a Comment