প্রয়াত হলেন চিত্রা ঘোষ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নেতাজির ভাইঝি চিত্রা ঘোষ (৯০) প্রয়াত। সূত্রের খবর, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি তথা শরৎচন্দ্র বসুর কনিষ্ঠ কন্যা চিত্রাদেবী পাম প্লেসের বাড়িতে প্রয়াত হয়েছেন। উল্লেখ করা যায়, তাঁর স্বামী বিশিষ্ট স্থপতি সুবিমল ঘোষ কলকাতার প্রাক্তন শেরিফ ছিলেন। পারিবারিক সূত্রের খবর, উডবার্ন পার্কে বসু পরিবারের ঐতিহাসিক বাসভবনে তাঁর দেহ নিয়ে আসা হয়।
কেওড়াতলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। লেডি ব্র্যাবোর্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন তিনি। পাশাপাশি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ক্লাস নিয়েছেন। সূত্রের আরও খবর, পিতা শরৎচন্দ্র বসুর সান্নিধ্যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে চিত্রার হাতে-খড়ি হয়েছিল। আবার রাজনীতির ময়দানে এসে ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্যও হন। এরপর স্বেচ্ছায় সেই পদ থেকে সরে যান। প্রসঙ্গত, নেতাজির বিষয়ে বিভিন্ন নথি সাধারণের জন্য উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বসু পরিবারের পক্ষ থেকে চিত্রাদেবী আবেদন করেছিলেন।

