সুন্দরবনে প্রজনন বাড়াতে কুমির ছাড়ার পরিকল্পনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নোনাজলে প্রজনন বাড়াতে কুমির ছাড়া হবে সুন্দরবনের নদীতে। স্থানীয় সূত্রে খবর, সুন্দরবন নদীতে এক বছরের মধ্যে ৫৫ টি কুমির ছাড়া হবে। বন বিভাগ সূত্রের খবর, কুমির ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬টি কুমির নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বনদপ্তরের আধিকারিকরা এ বিষয়ে জানিয়েছেন, এরফলে সুন্দরবন নদীতে জীববৈচিত্র্য বজায় থাকবে।
বনদপ্তর সূত্রের আরও খবর, ১৯৭৬ সালে দক্ষিণ ২৪ পরগনার ভাগবতপুর কুমির প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতি ৪ বছর পরপর কুমির ছাড়া হয় সুন্দরবনের নদীতে। এই সরীসৃপগুলিকে ছাড়া হয়েছে সুন্দরবনের বিদ্যা ফরেস্ট এলাকার নদীতে। যার মধ্যে ৫টি কুমির ভগবতপুরের এবং একটি কুমির নিয়ে আসা হয় সজনেখালি থেকে।। বন বিভাগের পক্ষ থেকে জানা যায়, ২০১৮ সালের সুমারি অনুযায়ী সুন্দরবনের নদীতে ২৪০টি কুমির রয়েছে। এক্ষেত্রে গণনা চলাকালীন ১৪১ টি কুমির দেখতে পাওয়া গিয়েছে। এরপর বাকি ৯৯ টি কুমির অনুসন্ধান করে পাওয়া যায়। উল্লেখ করা যায়, ১৯৭৯ সাল থেকে ৬২৯টি কুমির সুন্দরবনে ছাড়া হয়েছে বলে খবর।
রাজ্যের প্রধান বনপাল জানিয়েছেন, কুমিরের প্রজনন বৃদ্ধির জন্য সুন্দরবনের নোনাজল অঞ্চলে কিছুদিনের জন্য কুমিরকে ছেড়ে দেওয়া হয়। এ বছর মোট ৫৫টি কুমির ছাড়া হবে। যার মধ্যে এই দিনে ৬টি কুমির ছেড়ে দেওয়া হয়েছে। যার মধ্যে ৪০টি পুরুষ এবং ১৫ টি স্ত্রী কুমির ছাড়া হবে।

