পর্যটন শিল্পের প্রসারে শুরু হচ্ছে “বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল”
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: উত্তরের পর্যটনের প্রসারে ৩ দিনের “বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল”। করোনা আবহে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন শিল্প। দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিলপর্যটন শিল্প। ওই সময় কার্যত মাথায় হাত পড়ে পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বহু মানুষ। অনেকেই কাজ হারান এই পরিস্থিতিতে। এই সময় অনেক পর্যটন ব্যবসায়ী পেশা বদল করে। আনলকের পর নিউ নর্মালে ক্রমশ ছন্দে ফিরছে শৈল শহর। এখন মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে পর্যটন শিল্প। স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে পর্যটনকেন্দ্রগুলো। ভিড় বাড়াচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুরা। উত্তরের অর্থনীতির মূল কাণ্ডারী পর্যটন শিল্পের প্রসারে এবার উদ্যোগী হয়েছে রাজ্য পর্যটন দপ্তর। শুরু হচ্ছে ৩ দিনের “বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল”।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভ্যাল। পাহাড় ও সমতলের তিন কেন্দ্রে ৩ দিন ব্যাপী হবে এই কার্নিভ্যাল। এই সময় উৎসবের মরসুম পাহাড়ে। ভ্ৰমণ বিলাসীদের কাছে উত্তরের পর্যটনের প্রসারেই এই আয়োজন চলছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট এণ্ড নেটওয়ার্ক এবং সি আই আই। স্থানীয় সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি দার্জিলিংয়ের চকবাজারে এর আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। আয়োজন করা হয়েছে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। পর্যটন ভিত্তিক স্টলও থাকবে । হোম স্টে থেকে জিটিএ’র স্টলও থাকবে। যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ধরণের কার্নিভ্যালে।

