maa highway and kiteMiscellaneous 

চিনা মাঞ্জা আটকানোর জন্য ফেন্সিং দেওয়ার বন্দোবস্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:কেএমডিএ চিনা মাঞ্জা আটকানোর জন্য ফেন্সিং দিতে চলেছে। সূত্রের খবর, মা উড়ালপুলের ওপর শুরু হচ্ছে সেই কাজ। পুজোর আগেই এই কাজ শেষ করা হবে বলেও জানা গিয়েছে।
সূত্রের আরও খবর, সাম্প্রতিককালে মা উড়ালপুলের উপরে চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। চার নম্বর ব্রিজ এবং তপসিয়ার কাছে এই ঘটনা আকছার ঘটছে।জানা গিয়েছে, উড়ালপুল সংলগ্ন বাড়ি ও ফাঁকা জায়গা থেকে ঘুড়ি ওড়ানোর সময় তার মাঞ্জা দেওয়া সুতো গলায় লেগে পরপর দুর্ঘটনা ঘটেছে। মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময়ে মাঞ্জা সুতোয় জখম হয়েছিলেন এক চিকিৎসক। আবার গত বছর তপসিয়া মোড়ের কাছে দুর্ঘটনায় গলা কেটে যায় এক বাইক আরোহীর। এরপর পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। কেএমডিএ ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ালপুলের উপর অতিরিক্ত ভার চাপানো যাবে না। এক্ষেত্রে উড়ালপুলের দু’ধারে জাল বসানোর প্রস্তাব পাঠানো হয় কলকাতা ট্র্যাফিক পুলিশের কাছে।

পরবর্তীতে চলে যৌথ পরিদর্শন। তারপর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মা উড়ালপুলের ওপর ফেন্সিং লাগানোর বিষয়ে কেএমডিএ এবং কলকাতা ট্রাফিক পুলিশের বক্তব্য,উড়ালপুলের উপর উঁচু করে ওই জাল লাগানো হলে কাটা ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতো ছোট গাড়ি বা মোটরবাইক আরোহীদের গায়ে এসে পড়ার সম্ভাবনা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। আবার ওই জালে সুতো আটকালে যাতে তা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, সেই বন্দোবস্ত রাখার কথাও জানিয়েছে পুলিশ ও কেএমডিএ। উল্লেখ্য, মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণকারী সংস্থা কেএমডিএ-কে এই ফেন্সিং দেওয়ার প্রস্তাব দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এ বিষয়ে আরও জানা যায়, উড়ালপুলের প্রায় ৩ কিলোমিটার অংশে এই ফেন্সিং দেওয়া হবে। ৪ নম্বর ব্রিজ থেকে সায়েন্স সিটির আগে বোট ক্লাব পর্যন্ত তা থাকবে।এক্ষেত্রে তিন মিটার উঁচু করে এই জাল লাগানোর কথা বলা হয়েছে। মাঞ্জা দেওয়া ঘুড়ি উড়ালপুলের উপর উড়ে এলেও তা যাতে ওই জালে আটকে যেতে পারে,সেইজন্য এই ব্যবস্থা। পাশাপাশি উড়ালপুলের ওপরে এখন কিয়স্কও তৈরি করা হয়েছে পুলিশি নজরদারির জন্য।

Related posts

Leave a Comment