মঙ্গলের উদ্দেশে আমিরশাহির মঙ্গলযান- “আল আমল”
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহি মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়ল। আরব দুনিয়ায় প্রথম দেশ হিসেবে মঙ্গলে মহাকাশযান পাঠাতে সক্ষম হল তারা। সূত্রের খবর, স্থানীয় সময় রাত ১টা ৫৮ মিনিটে জাপানের তানেগাসিমা স্পেসপোর্ট থেকে এইচ-২এ রকেটের মাধ্যমে পাড়ি দিয়েছে আমিরশাহির মঙ্গলযান, “আল আমল”। জানা গিয়েছে, দুবাইয়ের আল খাওয়ানেজের মিশন কন্ট্রোল টিমের কাছে বার্তা পাঠাতে শুরু করেছে এই মহাকাশযানটি। আমিরশাহির মহাকাশ গবেষণা সংস্থা সূত্রের খবর, ২০০ দিনের মধ্যে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে “আল আমল”। জানা যায়, অতিক্রম করবে ৪৯ কোটি ৫০ লক্ষ কিলোমিটার।
এরপর প্রায় ২ বছর ধরে লালগ্রহের আবহাওয়া বিষয়ক পরীক্ষা-নিরীক্ষা করবে ওই মহাকাশযানটি। সেই সব গুরুত্বপূর্ণ তথ্যও পৃথিবীতে পাঠাবে বলেও জানা গিয়েছে। ওই গবেষণা সংস্থা সূত্রের আরও খবর, এই প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে ২০০ মিলিয়ন ডলার। প্রায় ৬ বছর ধরে ১৩৫ জন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও গবেষকদের পরিশ্রমের ফলেই এই সাফল্য মিলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৩টি দেশ মঙ্গলে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। আমেরিকা ও চিনকে পিছনে ফেলে আমরাই প্রথম সেই সাফল্য অর্জন করলাম। এই বিরল কৃতিত্ব অর্জন করে সন্তোষপ্রকাশ করেছে আমিরশাহি প্রশাসন। প্রশাসন সূত্রের বক্তব্য, করোনা পরিস্থিতিতে “হোপ” মিশনের প্রস্তুতি নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। নানা বাধা টপকে মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে।

